Logo
Logo
×
   

সারাদেশ

পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৪২ পিএম

পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে কুরবানি পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি পক্ষ ও শরিয়তউল্লাহ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে শরিয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কুরবানি পশুর চামড়া রাখেন। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি পক্ষের আক্তার মিয়া প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।  আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .