বিআরটিএর ১০ দিনের কার্যক্রমে সড়কে স্বস্তির ঈদযাত্রা
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৩১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো এবং বাড়ি ফেরত মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ১০ দিনব্যাপী নানামুখী কার্যক্রম পরিচালনা করে। গত ২০ মে থেকে ৩১ পর্যন্ত এসব কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি।
কার্যক্রমের মধ্যে রয়েছে তদারকি, মনিটরিং, আইন প্রয়োগ এবং সচেতনতামূলক কার্যক্রম এছাড়া ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে বিআরটিএ, চট্টগ্রাম সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করে। এসব কারণে ঈদের ছুটিতে সড়কের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।
বিআরটিএর কর্মকর্তারা জানান, সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রী হয়রানি প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহণ আইন বাস্তবায়ন নিশ্চিতকল্পে বিআরটিএ চট্টগ্রামের আওতাধীন চারটি নিয়মিত মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ যাতায়াত করিডোর বিবেচনায় কুমিল্লা ও কক্সবাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পরিবহণ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ, মাইকিং, রোড শো ও সচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়। চালকদের জন্য পৃথক মোটিভেশনাল কার্যক্রমের মাধ্যমে নিরাপদ গতি ও ট্রাফিক আইন মানার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
