পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া বড়বাড়ি সীমান্ত এলাকায় ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশ-ইন) রুখে দিয়েছে বিজিবি।
শুক্রবার ভোররাতে নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের ৭৫৮/৫ কাছাকাছি ভারতের প্রধানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এদিকে পুশ-ইনের বিষয়টি জানতে পেরে বিজিবির জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সে অপতৎপরতা রুখে দেয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিজিবি ও এলাকাবাসী জানিয়েছেন, পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি বিওপির সীমান্ত এলাকায় ১০ জন বাংলা ভাষাভাষী নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ও সীমান্তবর্তী গ্রামবাসীর সহায়তায় পুশইনের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ১০ জন নাগরিককে শূন্য রেখার ওপারে ভারতের অভ্যন্তরে তাদের জিম্মায় রেখেছে এবং সুযোগমতো তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অপেক্ষায় রেখেছে।
এ ব্যাপারে বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের সীমান্তবর্তী বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ১০ জন নারী পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা বিজিবির বাঁধার মুখে ব্যর্থ হয়েছে। তবে আমরা সজাগ রয়েছি যাতে এ ধরনের পুশইন তারা করতে না পারে। এদিকে বিষয়টি নিয়ে বর্তমানে কোম্পানি পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।
উল্লেখ্য, পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পঞ্চগড় জেলার ১৭৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করার পাশাপাশি এলাকাবাসীকে মাইকিং করে সর্তক থাকার অনুরোধ করেছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে উঠান বৈঠক প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে।
