দেবর-ভাবির পরকীয়ার জেরে অর্থ আত্মসাতের অভিযোগ, ২ জন কারাগারে
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির পাশাপাশি বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দেবর-ভাবিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরেই এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়।
গ্রেফতার দুজন হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েতপ্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং একই এলাকার কামরুল হাসানের স্ত্রী, দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সালেহা বেগমের সঙ্গে তার দেবর, (স্বামীর চাচাতো ভাই) রিয়াজ উদ্দিনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এরই জেরে গত ২ জুন সালেহা বেগম তার স্বামী কামরুল হাসানের ঘর থেকে নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে রিয়াজ উদ্দিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ জুন কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এছাড়া কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে আদালতে পৃথক একটি মামলা দায়ের করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়ের করা দুটি মামলার ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
