বৃদ্ধের পর এবার শূন্যরেখায় যুবক!
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
বিজিবির বাধায় শূন্যরেখায় যুবক
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আরও একজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট যুবক আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এর আগে প্রায় ২৪ ঘণ্টা এক বৃদ্ধ শূন্যরেখায় অবস্থান করেন।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বকশীগঞ্জের প্রতিবেশী দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও জামালপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জ ঝাওডাঙ্গা সীমান্তে গত রাতে অবৈধভাবে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মাঝখানে পড়ে প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করেন ষষ্টি চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধ। পরে জানা গেছে- তিনি বাংলাদেশি নাগরিক।
বিজিবি সূত্র জানায়, ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। ১১ জুন সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
