৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে ভূমি হস্তান্তর করের অর্থ আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছেন ৯ ইউপি সদস্য। একই সঙ্গে চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে ইউপি সদস্যরা অভিযোগ করেন, ভূমি হস্তান্তর কর বাবদ আদায়কৃত ১ শতাংশের প্রায় ৩৫ লাখ টাকা পরিষদের কোনো রেজুলেশন বা অনুমোদন ছাড়াই উত্তোলন করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, নবীনগর শাখায় ইউনিয়ন পরিষদের হিসাব থেকে একাধিক চেকের মাধ্যমে এ অর্থ তোলা হলেও বিষয়টি পরিষদের সদস্যদের অবহিত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনকারী সদস্য ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন মিয়া বলেন, চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের মধ্যে ভূমি হস্তান্তর করের অর্থের বিষয়টি সবচেয়ে গুরুতর। ব্যাংক হিসাবের লেনদেন পর্যালোচনা করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান এম আর মজিব। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। ৩৫ লাখ টাকা নয়, সর্বোচ্চ ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়ে থাকতে পারে এবং সেই অর্থ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আবেদনটি এখনো হাতে পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
