সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, নিহত ১
Advertisement
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত বনদস্যু দলের সদস্য সাকাত সরদার (৬০) নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন রবিউল ইসলাম (৫০) ও ইস্রাফিল হোসেন (৩৫)। নিহত সাকাত সরদারের বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। আহত রবিউল ইসলামের বাড়ি একই ইউনিয়নের তেতুলতলা গ্রামে এবং ইস্রাফিল হোসেনের বাড়ি বামিয়া গ্রামে।
শুক্রবার (২৬ জুন) রাতে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। পরে আহত রবিউল ইসলাম ও ইস্রাফিল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কয়রা থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। তবে কোন বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, কোস্ট গার্ডের সদস্যরা তিনজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে সাকাত সরদার হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে গুলির চিহ্ন ছিল। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
