আলোচিত শিশু সানজিদার পরিবারকে বিএনপির সহায়তা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম
আলোচিত শিশু সানজিদার পরিবারকে বিএনপির সহায়তা
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আলোচিত শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া খান কাজল প্রমুখ।
এ সময় বিএনপির নেতারা শিশু সানজিদার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে আমরা দ্রুতবিচারের মাধ্যমে ঘাতকের ফাঁসি চাই। সানজিদার পরিবারের পাশে প্রধানমন্ত্রীসহ রংপুর জেলা বিএনপি ও তারাগঞ্জ উপজেলা বিএনপি পাশে থাকবে।
প্রসঙ্গত, রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু ও কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রধান অভিযুক্ত মো. মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন দুপুরে তারাগঞ্জের ভীমপুর কোরানীপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি। পর দিন ২০ জুন সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
