ফুঁসলিয়ে বাড়ি নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার কয়রায় ফুঁসলিয়ে বাড়ি নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে কয়রা থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ মামলার আসামি সাইফুল্লাহকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
সাইফুল্লাহ মোল্যা (৫২) উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গোবরা গ্রামের শাহিন ঢালীর স্কুলপড়ুয়া কন্যা তাদের বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এ সময় একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা ওই শিশুকে ফুঁসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে তার মা ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী পুরো ঘটনাটি তার মায়ের কাছে বর্ণনা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সাইফুল্লাহকে আটক করে রাখেন। খবর পেয়ে কয়রা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
