Logo
Logo
×
   

সারাদেশ

চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন।

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের এক শিশু ধর্ষণ এবং হত্যা মামলার একমাত্র আসামি শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি শাহাদাত হোসেন এবং নিহত শিশুটির বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন।

দীর্ঘ চার বছর পর এ রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা ও মা। তারা দ্রুত এ রায় কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শুক্লা সাহা বলেন, আসামি নিজেই অপরাধ স্বীকার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার ওই গ্রামের পাঁচ বছরের ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর, ২ এপ্রিল একই গ্রামের বাবুলের ছেলে শাহাদাতকে সন্দেহজনক কারণে পুলিশ গ্রেফতার করে। পরদিন ৩ এপ্রিল গ্রেফতার হওয়া শাহাদাতের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশের হেফাজতে শাহাদাত স্বীকার করে, শিশুটিকে ধর্ষণের পর বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে তাক শ্বাসরোধ করে হত্যা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .