ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভুয়া বিল দেখিয়ে সরকারের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৬ জুলাই) বিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- বিএমপির হিসাব শাখায় কর্মরত কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সঞ্জীব মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালীন এই তিন কনস্টেবল সুকৌশলে অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল তৈরি করেন। এর মাধ্যমে তারা সর্বমোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে এই জালিয়াতি ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রমাণ মেলায় এক অফিস আদেশের মাধ্যমে তাদের তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান জানান, অভিযুক্ত তিন কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
