সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
সিলেট মেট্রোপলিটন পুলিশ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট মহানগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ যানবাহন ছাড়িয়ে নিতে মালিকদের জন্য পাঁচটি শর্ত দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসব শর্ত পূরণসাপেক্ষে আটক যানবাহন অবমুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।
তবে ছাড় পাওয়া কোনো যানবাহন সিলেট মহানগরীতে চালানো বা বিক্রি করা যাবে না।
রোববার (১৫ নভেম্বর) এসএমপির ট্রাফিক বিভাগ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে। মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপির এক সভায় মানবিক দিক বিবেচনায় এসব যানবাহন অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ মে থেকে গণবিজ্ঞপ্তি জারির আগপর্যন্ত আটক যানবাহনের মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে হবে। যানবাহন ছাড়িয়ে নিতে যে পাঁচটি শর্ত পূরণ করতে হবে তা হলো—
১. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ও মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।
২. মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
৩. আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।
৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৫. অবমুক্ত করা যানবাহন সিলেট মহানগরীতে বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট মহানগরীতে পুনরায় কোনো ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক বা টমটম চালানো হলে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
