ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর দুদিন পর সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল ও আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আঞ্চলিক ব্যবস্থাপকের ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) ভোররাত পৌনে ৩টা থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে শাহজালাল উপশহরের এইচ ব্লকে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।
ব্যাংকসংশ্লিষ্টদের দাবি, অজ্ঞাতপরিচয়ধারী দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে প্রথমে ভবনের উত্তর ও পূর্ব পাশে এবং পরবর্তীতে গ্যারেজে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল ও আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (জোনাল অফিসার) মো. আবুল হোসেন জানান, পাহারাদার ও এক কর্মচারীর মাধ্যমে আগুন লাগার খবর পান তিনি। এরপর তিনিসহ তিনজন স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আবুল হোসেন আরও উল্লেখ করেন যে, ঘটনার দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। এর পরপরই এই নাশকতার ঘটনা ঘটল।
এ ঘটনায় মো. আবুল হোসেন বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শাহপরান থানার ওসি ফেরদৌস আহমদ জানিয়েছেন, পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

