এমপি নুসরাতের বাড়িতে আগুন
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
দ্বিতীয় দিনে তদন্ত কমিটির সদস্যদের সরেজমিনে পরিদর্শন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কাটেনি রহস্য। আগুনের প্রকৃত কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণা, বিরোধীদলীয় সংসদ সদস্যদের পালটা অভিযোগ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভিন্ন পর্যবেক্ষণে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে দ্বিতীয় দিনের মতো তদন্ত কার্যক্রম চালিয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। সবকিছু ছাপিয়ে এখন সবার নজর তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি এখন পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় আগুনের ভয়াবহতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সেই সময়সীমার শেষ দিন। তদন্ত কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী উঠে আসে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ঘটনাটি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তারা ঘটনাটিকে পরিকল্পিত হামলার অভিযোগের আলোকে গুরুত্বসহকারে তদন্তের দাবি জানান।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণার সঙ্গে একমত নয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণ। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এসপি আমাকে ফোন করেছিলেন। এলাকাটি প্রাগপুর জোনের আওতাধীন হওয়ায় ওই জোনের এজিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখছি না।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে। তার দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব আলামত অক্ষত থাকায় তাদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকালে নুসরাতের বাড়ি পরিদর্শনে আসেন ১১ দলীয় জোটের বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল। এতে ছিলেন সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। বাড়িটি ঘুরে দেখার পর তারা সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে প্রতিনিধিদলটি কুষ্টিয়া ত্যাগ করে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।
তিনি জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে বৈঠক করছেন। আগামীকাল ১৫ নভেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের স্বার্থে এর বাইরে আপাতত আর কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
তদন্ত কমিটির আরেক সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামীকাল ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে। তদন্তের অগ্রগতি নিয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

