পিতা-পুত্রের গ্রিনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
জব্দকৃত গাঁজা গাছ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রিনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ করে আসছিলেন পিতা জামাল উদ্দিন ও পুত্র রুবেল হোসেন নামে দুই চিহ্নিত মাদক কারবারি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করে।
জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী জালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন ও পুত্র রুবেল হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে অভিযানকালে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি পিতা-পুত্র।
উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

-6a4fc663b33da.jpg)