শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জামালপুরে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জামালপুরে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে জামালপুর শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তুমি কে, আমি কে- ফার্মের মুরগি, ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শায়লা আক্তার কেয়া, নাবিল নিশাত ও সিহাব।
