দিনাজপুরে ৩৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের কাহারোল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (১৫ জুলাই) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিজিবির একটি টহল দল পুলিশের সহযোগিতায় কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মাইকেল রায়কে আটক করা হয়।
বিজিবির ভাষ্য, আটক ব্যক্তির কাছ থেকে ৩০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৫ ইঞ্চি প্রস্থের ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বাটন মোবাইল ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং জব্দ করা সব আলামতের মোট মূল্য প্রায় ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়েরের কার্যক্রম শুরু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

