গোলাম কিবরিয়া তাপস
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে জেলার প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা ব্যস্ততার কারণে দলের এমন একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক গতিশীলতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই সুদূরপ্রসারি চিন্তা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে জেলার সবস্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গোলাম কিবরিয়া তাপস বলেন, আমি গত ২ জুলাই লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। তবে কেন্দ্রীয় কমিটি থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা উত্তর পাওয়া যায়নি। তাই আজ (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করছি।
