পাহাড়ি ঢলে আলীকদমের ৪৫৮ হেক্টর ফসলের ক্ষতি
বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
পাহাড়ি ঢলে নিজেদের আয় ও পুঁজি হারিয়ে দিশেহারা ও সর্বস্বান্ত হয়ে পড়েছেন কৃষকেরা।
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের আলীকদম উপজেলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমিসহ সবজিখেত পানিতে তলিয়ে গেছে। নিজেদের আয় ও পুঁজি হারিয়ে দিশেহারা ও সর্বস্বান্ত হয়ে পড়েছেন কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অতিভারী বৃষ্টিতে উপজেলার আলীকদম সদর, চৈক্ষ্যং, নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত চার ইউনিয়নে প্রায় ৪৫৮ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে বলে জানা গেছে।
পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় নিচু এলাকার ফসলি মাঠ ডুবে গেছে। এতে আমন ও আউশ ধান, বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়শ, শসা, মরিচ, পেঁপের বাগানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে রোপনের জন্য প্রস্তুতকৃত বীজতলা, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে লাখ লাখ টাকা ব্যয় করে ফসল উৎপাদন করলেও প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক কাউসার উদ্দিন বাপ্পি, বেলাল ও আবছার জানান, ধারদেনা ও ঋণ করে সবজি ও পেঁপে চাষ করেছেন। এখন কীভাবে সেই টাকা পরিশোধ করবেন, তা জানেন না। সরকার যদি তাদের প্রণোদনা বা সহজ শর্তে কৃষিঋণ দেয়, তাহলে আবার নতুন করে শুরু করতে পারবেন। বর্তমানে নতুন করে সবজি চাষ করার সামর্থ্যও তাদের নেই।
চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকার পাট্টাখাইয়া পাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের মো. মিজবাহ উদ্দিন বলেন, আমার সমিতিতে ১০০ থেকে ১৫০ জন কৃষক রয়েছেন, যারা কৃষির ওপর জীবিকা নির্বাহ করেন। এ এলাকার কৃষকরা অতিদরিদ্র, ধারদেনা করে চাষাবাদ করেছেন। কিন্তু বন্যায় সবকিছু হারিয়ে গেছে। শুধু আমি নই, আমার মতো আরও কয়েকশ কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে। সরকারি সহযোগিতা না পেলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারব না।
এদিকে চার ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়নে কত হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কৃষি অধিদপ্তর তালিকা প্রস্তুত করছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর।
আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা বলেন, গত ৫ জুলাই থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় আলীকদমের কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে কৃষকদের প্রণোদনা, সবজির বীজসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
