সাভারে গণপিটুনিতে প্রতিবন্ধী জেলে নিহত, গ্রেফতার ২
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে গণপিটুনিতে এক প্রতিবন্ধী জেলে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
নিহত জেলের নাম আবুল খায়ের পাটোয়ারী। তিনি চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- রিকশাচালক সবুজ ও গ্যারেজ মালিক নুরুজ্জামান।
পুলিশ জানায়, সাভার ওলাইল কুদঘর এলাকায় গ্যারেজ মালিক নুরুজ্জামান ও তার লোকজন সোমবার প্রতিবন্ধী আবুল খায়ের পাটোয়ারীকে (৩০) গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা লাশ রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, অজ্ঞাত আসামিদের নামে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়েছে। পরে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
