ভারি বৃষ্টিতে ব্রিজসংলগ্ন সড়ক ধসে খালে, যোগাযোগ ব্যাহত
Advertisement
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
ভারি বৃষ্টিতে ব্রিজসংলগ্ন সড়ক ধসে খালে
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর-দিনাজপুর মহাসড়কের সংযোগ সড়ক উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া যাতায়াতের ব্রিজসংলগ্ন সড়কটি ভারি বৃষ্টিতে ধসে খালে পড়ে গেছে। ব্রিজ দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না।
এতে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষকসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের সংযোগ সড়কটির ব্রিজের সামনে ধস। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেয়নি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, খালের উপর নির্মিত ব্রিজটির এক পাশের মাটি কয়েকদিনের ভারি বৃষ্টিতে ও খালের পানির স্রোতে ধসে গেছে। এতে ব্রিজের সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্রিজ দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, প্রায় এক মাস আগে টানা ভারি বর্ষণে ব্রিজের সঙ্গেই বিশাল গর্তের সৃষ্টি হলেও ঠিক করার কোনো পদক্ষেপ কেউ নেয়নি। ব্রিজটি দীর্ঘ দিন আগে নির্মাণ করায় এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর আবার ব্রিজের সামনের মাটি সরে যাওয়ায় পুরো ব্রিজটি ধসে যাওয়া উপক্রম হয়েছে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে ঢাকায় কাগজপত্র পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান জানান, কয়েকদিন আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
