Logo
Logo
×
   

সারাদেশ

মহেশপুরে সরকারি জমি দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণের অভিযোগ

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

মহেশপুরে সরকারি জমি দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় বাজারে সরকারি রাস্তার জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে ওই দোকানঘরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত জামিরুল হক শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক ইউনিয়ন সভাপতি।

জানা গেছে, সরকারি খতিয়ানের ৪৫০১ নম্বর দাগে প্রায় ৬৬ শতক জমি রয়েছে। শ্যামকুড় বাজারের সরিষাঘাটা সড়কের পাশের ওই সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন জামিরুল হক। একই সঙ্গে তিনি দোকানের পাশের সরকারি জমিতে মাটি ফেলে ভরাট করে দখলে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, দোকানঘর নির্মাণে বাধা দিতে গেলে চেয়ারম্যান তাদের হুমকি-ধমকি দেন।

স্থানীয় বাসিন্দা জাহিদ বলেন, সরকারি জমি দখল করে চেয়ারম্যান জামিরুল হক দোকানঘর নির্মাণ করছেন। বাধা দিতে গেলে তিনি হুমকি-ধমকি দিচ্ছেন। প্রায় ১০ বারের বেশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়েও কোনো প্রতিকার পাইনি।

ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জামিরুল টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি জমিতে দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে জামিরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, পাশের জমির মালিকের দখলে সরকারি জমি বেশি রয়েছে। আমি ৪৫০১ নম্বর দাগে নিজের ক্রয়কৃত জমিতেই দোকানঘর নির্মাণ করছি।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি শুনেছি। সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (নায়েব) সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .