মিরপুরে যুবদল কর্মী হত্যা, মাগুরা থেকে কিলার রাজু গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:০০ পিএম
জিয়াউর রহমান রাজু (গোল চিহ্ন দেওয়া)
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলি পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত সন্দেহে মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের আনোয়ার পাটোয়ারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলি পারভেজ। হামলায় চারজন যুবক অংশ নেয়। এদের মধ্যে চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে শনিবার সকালে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তার ভাই হামলার মূল টার্গেট ছিলেন না; তিনি হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে চলাফেরা করতেন বলে বাদী মাসুদ রানা জানিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এছাড়া আটক চঞ্চলের স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, হামলায় অংশ নিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনকে ভাড়া করা হয়েছিল। তার দেওয়া সেই তথ্যের সূত্র ধরেই শনিবার রাতে মাগুরার শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে আটক করা হয়। শালিখা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান রাজু এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০১৪ সালে শালিখার শতখালি এলাকায় নসিমনচালক আব্বাস হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন।
এদিকে রাজুকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান চকলেট, ইঞ্জিনিয়ার মিজান ও শালিখা উপজেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা যায়। এছাড়া একটি ছবিতে তাকে একটি বাগানের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতেও দেখা গেছে।
এ বিষয়ে শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট বলেন, ২০১৪ সালের দিকে তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় আমি গ্রেফতার হই। সেই সময় জেলখানায় জিয়াউর রহমান রাজুর সঙ্গে পরিচয় ঘটে। তিনি সন্ত্রাসী হিসেবেই এলাকায় পরিচিত। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিএনপির কোনো পর্যায়ের কমিটিতেও সে নেই। সম্প্রতি শালিখার শতখালি বিশ্বাসপাড়া এলাকায় জিয়া স্মৃতি ক্লাবঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মিজান পাটোয়ারি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময় ‘ইট’ হাতে একটি ছবি কেউ তুলেছিলেন। এরপর তার সঙ্গে আমার আর কোনো সাক্ষাত হয়নি। ওই ছবি নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঢাকা থেকে আসা ডিবি পুলিশ কাফরুল থানার কোনো ঘটনায় তাকে গ্রেফতার করলেও সেই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে তিনি জানান।
