সিলেটে দুই খুনের আসামিরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্মগোপনে
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে একই দিনে ঘটে যাওয়া দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিরা চিহ্নিত হলেও পুলিশি তৎপরতার খবরে হাসপাতাল ছেড়ে আত্মগোপনে।
নিহতদের পরিবার জানিয়েছে, মরদেহ দাফন শেষে মঙ্গলবার রাতেই তারা মামলা করবেন। পুলিশ বলছে, আসামিরা কেউ রেহাই পাবে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দক্ষিণ সুরমা ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র খুন হয়। সে খাসদবির এলাকার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে রিফাত আহমদ (১৫)। তার সঙ্গে থাকা অপর তিন সহপাঠী রবিউল হাসান (১৬), সাব্বির (১৬) ও সামিউল (১৬) গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে একই দিন সন্ধ্যার পর সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমদ বদুলার ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার রাত ৮টার দিকে মারা যান।
জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব মঙ্গলবার জানান, এ ঘটনায় এখনো মামলা না হলেও শিগগিরই তা নথিভুক্ত করা হবে এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও পুলিশের তৎপরতার খবর পেয়ে তারা পালিয়ে আত্মগোপন করেছে, তবে তারা সম্পূর্ণ চিহ্নিত এবং তাদের গ্রেফতারে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং দ্রুত মামলা দায়ের সাপেক্ষে জড়িত আসামিদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

