৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...
Advertisement
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা রিসোর্টটিতে অবস্থান করছিলেন।
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং দিয়ে স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের প্রজাপতি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা রিসোর্টটিতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় গৃহবধূকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গৃহবধূকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভুক্তভোগীর স্বামী আশিকুর রহমান, একই উপজেলার নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে সাগর মিয়া।
উদ্ধার হওয়া গৃহবধূ খুকি আক্তার মীম সোমবার রাতে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।

-6ac5240e62eaa.jpg)