নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
Advertisement
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
সংঘর্ষের সময় সোনাবাজু একতা এক্সপ্রেস নৌকাটি ডুবে যায়।
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ চলাকালে দুই পানসি নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি পানসি নৌকা করতোয়া নদীতে ডুবে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনতলা সড়ক সেতুর পাশে এ ঘটনা ঘটে। সলপ ও দুর্গানগর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সেমিফাইনালে সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের নৌকা দুটির মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইচের একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চলে এলে দুই দলের বাইচালদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা বৈঠা নিয়ে পরস্পরের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় সোনাবাজু একতা এক্সপ্রেস নৌকাটি ডুবে যায়। পরে সংঘর্ষ থামাতে এগিয়ে আসা বাহিমান সোনার বাংলা এক্সপ্রেস নামের আরেকটি নৌকাও ডুবে যায়।
আহতদের মধ্যে উল্লাপাড়ার বাহিমান গ্রামের সবুজ হোসেন, আব্দুল হালিম ও নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তারা সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও সলপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুই নৌকা পাশাপাশি চলে আসার পর বাইচালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত বাহিমান সোনার বাংলা এক্সপ্রেস নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও সোনাবাজু একতা এক্সপ্রেস উদ্ধার করা যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ নৌকাটি উদ্ধারের চেষ্টা চালায়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

-6ac522b0e1593.jpg)