Logo
Logo
×
   

সারাদেশ

কাঁঠাল পাতার বিরোধে শিশুহত্যায় ৩ জনের যাবজ্জীবন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

কাঁঠাল পাতার বিরোধে শিশুহত্যায় ৩ জনের যাবজ্জীবন

কাঁঠাল পাতার বিরোধে শিশুহত্যায় ৩ জনের যাবজ্জীবন

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমনকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়াপাড়া এলাকার আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন।

আদালতের অতিরিক্ত পিপি দিদারুল ইসলাম দিদার জানান, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে সবুজা বেগমের সঙ্গে আসামিদের বিরোধ ও মারধরের ঘটনা ঘটে। তাকে রক্ষা করতে গেলে সবুজা বেগমের দেবর বাবুল মিয়াকেও মারধর করা হয়। ওই ঘটনার পর থেকেই বাবুল মিয়ার সাত বছরের ছেলে সুমন নিখোঁজ হয়।

পরদিন থানায় সাধারণ ডায়েরি করার পর ৫ সেপ্টেম্বর সকালে চাপারকোনা বাজারসংলগ্ন ঝিনাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা বাবুল মিয়া পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। 

দীর্ঘ ১৫ বছর পর এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .