বিএনপি এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে বিএনপি এমপির গাড়ি ভাঙচুর মামলায় পুলিশ আরিফুর রহমান দুলাল (৫২) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া মধ্যপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আরিফুর রহমান দুলাল বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান সরকারের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০১৮ সালের ১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের গণসংযোগকালে বিএনপি প্রার্থী বর্তমান এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় গত ২০২৪ সালে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি আরিফুর রহমান দুলাল। বুধবার রাতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করে।
ধুনট থানার এসআই নজরুল ইসলাম জানান, বিএনপি এমপির গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
