‘তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
চৌমুহনীর কলেজ রোডে খাল খনন, উন্নয়ন ও খাল পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু
|
ফলো করুন |
|
|---|---|
শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চৌমুহনীর কলেজ রোডে খাল খনন, উন্নয়ন ও খাল পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকীসহ অনেকে বক্তব্য রাখেন।
বরকত উল্যাহ বুলু বলেন, তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনাদের দুজনের বিরুদ্ধেও দেশে তো নয়ই, বিশ্বের কোথাও দুর্নীতির অভিযোগ তোলা যায়নি। পিতা-মাতার যোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী ৫ বছর ক্ষমতায় থাকতে পারলে দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
