কিস্তির টাকা নিয়ে বিরোধ
ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, সৎমা আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় কিস্তির টাকা শোধ ও পারিবারিক কলহের জের ধরে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে অভিযুক্ত বাবা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ছেলে নাইম ইসলাম ইয়ামিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, নিহত নাইমের মূল বাড়ি নীলফামারী জেলায় হলেও তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎমায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি নাইম কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯ জুলাই ওই ফোনের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বাবা লুৎফর রহমানের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে লুৎফর রহমান তাকে মারধর করেন।
পারিবারিক এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লুৎফর রহমান ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। হত্যা শেষে লাশের উপর তোশক জড়িয়ে ঘরের বাইরে তালা ঝুলিয়ে তিনি সটকে পড়েন (পালিয়ে যান)। শুক্রবার দুপুরে ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহ ও ফোনের কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরেই জন্মদাতা বাবা ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। অভিযুক্ত বাবা ঘটনার পর থেকেই পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সৎমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
