ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম
ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকালে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আহসান হাবীব চপল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত বড় ভাই অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা।
এ মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে দমদমা গ্রামের নিজ দোকানের সামনে বেঞ্চে শুয়ে থাকা ছোট ভাই ও স্থানীয় লোহার কর্মকার সিদ্ধেশ্বর দাসের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন বড় ভাই অশোক। স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ ছোট ভাই সিদ্ধেশ্বর মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। ২০১৪ সালের ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।
