|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে জাল দলিল নিয়ে চায়ের স্টলে মন্তব্য করায় পৌর বিএনপির প্রচার সম্পাদক বনার মিয়াকে মারপিট করার লিখিত অভিযোগ পাওয়া গেছে দলিল লেখক ও সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বনার মিয়ার ছেলে রুজেল মিয়া। আহত বনার মিয়া মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক। তিনি বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বনার মিয়া সোমবার (৩ আগস্ট) সকালে সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন স্টলে চা পান করতে বসেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে আলোচিত জাল জালিয়াতি দলিল সম্পর্কে কথা বলছিলেন। ঠিক এ সময় দলিল লেখক রহিছ মিয়া তার লোকজন নিয়ে চা স্টলে উপস্থিত হন এবং এ নিয়ে কথা বলতে বনার মিয়াকে বারণ করেন। একপর্যায়ে দলিল লেখক রহিছ মিয়া উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে বিএনপি নেতা বনার মিয়ার ওপর হামলা চালায়। এতে বনার মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত বনার মিয়ার বড় ছেলে রুজেল মিয়া জানান, দলিল লেখক রহিছ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার বাবার ওপর চা স্টলে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আইনের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, দলিল লেখক রহিছ তার মোবাইল ফোনে জানান, বনারের মুখের ভাষা ভালো না। সে বিভিন্ন সময় আমাকে নিয়ে এমনকি অন্যদের নিয়ে খারাপ মন্তব্য করে। তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে।
মারপিটে হাসপাতালে ভর্তি হয়েছে কেন? এমন প্রশ্নের জবাবে রহিছ মিয়া বলেন, মুখে হয়তো নখের আঁচর লেগেছে- এছাড়া তার সঙ্গে আর কিছুই হয়নি।
জাল দলিলের বিষয়ে বলেন, এটা হচ্ছে অফিসের বিষয়।
পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন জানান, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।
মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ জুন একটি ভুয়া দলিল দিয়ে নতুন দলিল সম্পাদন করে সাবরেজিস্ট্রারের সামনে গেলে তা জব্দ হয় এবং ২৮ জুন তাকে ওই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করে সাবরেজিস্ট্রার অফিস। এ নিয়ে দলিল লেখক কারণ দর্শানোর জবাবও দেন। তবে নোটিশে উল্লেখ করেছে- আপাতত সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য।
