নোয়াখালীতে কমিটি নিয়ে দ্বন্দ্ব, পদ হারালেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কমিটি গঠনের দ্বন্দ্বের জেরে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব রহমান সজীব, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফেসবুক লাইভে এসে সজিব রহমান সজীব বলেন, তিন মাস আগে আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির তার ওপর এককভাবে ইউনিয়ন কমিটি গঠনের চাপ দেন। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের মতামত ছাড়াই কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।
সজিব রহমানের ভাষ্য, সোমবার রাতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে জানানো হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এমপি, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সমর্থিত কাউকে নতুন কমিটিতে রাখা হবে না। সজীব এ সিদ্ধান্তের বিরোধিতা করে সমন্বিত কমিটি গঠনের দাবি জানিয়ে বৈঠক ত্যাগ করেন।
তিনি দাবি করেন, এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বলেন, অসুস্থতা বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে নয়, বরং একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অব্যাহতির কারণ প্রকাশেরও দাবি জানান।
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানের সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিব রহমানকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
তবে অব্যাহতির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কোনো বক্তব্য না পেলেও নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান রাত সাড়ে আটটায় মুঠোফোনে বলেন, ছাত্রদলের ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব গঠনে অনৈতিক অর্থনৈতিক লেনদেন, সিনিয়র ও তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে দূর্ব্যবহার, সর্বোপরি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে সজীবকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল।
