Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

Advertisement

বগুড়ার সারিয়াকান্দির চরে গোচারণ ভূমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে সাবেক সেনাসদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী সখিনা বেগম সারিয়াকান্দি থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ ছয় আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে নান্টু সরকার (৫৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সুজন মণ্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মোখলেসুর রহমান (৫৫), এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মোসলেম উদ্দিন প্রামাণিক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

নিহতের ভাই সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের সদস্য শাহজাহান আলী জানান, মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের জমি ও গোচারণ ভূমি বিক্রি নিয়ে দ্বন্দ্ব চলছিল। তিনি সোমবার রাত ৮টার দিকে পাকুরিয়া বাজারে চা পান করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন মোসলেম উদ্দিনের পথরোধ করেন। এরপর তার ওপর হামলা চালানো হয়। তাকে রড দিয়ে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসীরা মোসলেম উদ্দিনকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।

ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান আলী আরও জানান, তার ভাই শান্ত ও নিরীহ ছিলেন। তিনি তার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, চরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনাসদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন প্রামাণিক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম