প্রেমিকার বিয়ের দিন গাছে যুবকের ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম
কামারখন্দ থানা
|
ফলো করুন |
|
|---|---|
কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক নামে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার কয়েকটি পোস্ট এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট দেন রাকিব। সেখানে তিনি লেখেন, ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি আর নিতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই। আমি রাব্বিদের আমতলাতে লাশ হয়ে আছি। আমাকে নিয়ে যাও, নজরুল কাকা কোনো দিন তো কোনো কিছু চাই নাই আপনার কাছে। একটা জিনিস চাই, আমার লাশটা যেন কাটতে দেন না। সেই পোস্টের সূত্র ধরেই স্থানীয়রা আম বাগানে একটি গাছের সঙ্গে রাকিবের লাশ ঝুলতে দেখতে পান।’
জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, রাকিব ভদ্র স্বভাবের ছিল। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে সে বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসে। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল রাকিব।
কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
