Logo
Logo
×
   

সারাদেশ

দাখিল পরীক্ষায় উল্লাপাড়ার ৩ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

দাখিল পরীক্ষায় উল্লাপাড়ার ৩ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তিনটি মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি।

মাদ্রাসাগুলো হলো- দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা, সাতবিলা দাখিল মাদ্রাসা ও কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা। দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষা দিয়েছিল ৪ জন, সাতবিলা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষা দিয়েছিল।

অপরদিকে উপজেলার কোনাগাঁতী কে সি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১ জন। এছাড়া হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসা থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা সুপার আব্দুল জলিল ও সাতবিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম জানান, প্রত্যন্ত এলাকায় তাদের প্রতিষ্ঠানগুলোর অবস্থান হওয়ায় এখানকার অধিকাংশ শিক্ষার্থী মাদ্রাসায় আসে না। বহু চেষ্টা করেও তাদের ক্লাশে আনা সম্ভব হয় না। একই সঙ্গে তারা লেখাপড়াও করে না। ফলে তাদের প্রতিষ্ঠানের ফলাফলে ধস নেমেছে।

কলিয়াকৈড় মাদ্রাসা সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসার সুপার সুলতান মাহমুদ বলেন, তার মাদ্রাসায় ১২ জন ফরম পূরণ করলেও অজ্ঞাত কারণে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, যেসব মাদ্রাসায় একজনও পাশ করেনি সেই প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তীতে তাদের বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .