যশোর বোর্ডে এসএসসির ফল
২ বছরের ব্যবধানে পাশের হার কমেছে ২৬.৫ শতাংশ
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে এবারও অবনতি হয়েছে। দুই বছরের ব্যবধানে পাশের হার কমেছে ২৬ দশমিক ৫ শতাংশ। এ বছর এ বোর্ডে পাশের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। ২০২৪ সালে পাশের হার ছিল ৯২ দশমিক ৩২ শতাংশ। এবার অবনতি ঘটেছে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও।
এবার যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার ৪১৯। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে এবার পাশের হার কমেছে।
তিন বছরে পাশের হারে বড় পতন : যশোর শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মাত্র দুই বছরের ব্যবধানে পাশের হার কমেছে ২৬ দশমিক ৫ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩৯ হাজার ৬৩৪ জন এবং মেয়ে ৪৮ হাজার ৪৬৩ জন।
২০২৫ সালে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭৫টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২ হাজার ৩১৯ জন। উত্তীর্ণদের মধ্যে ৪৬ হাজার ৫৮৭ জন ছেলে এবং ৫৫ হাজার ৭৩২ জন মেয়ে।
