২৪ শিক্ষকের তিন প্রতিষ্ঠানের ২৮ শিক্ষার্থীর সবাই ফেল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর জামালপুরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের হতাশাজনক চিত্র দেখা গেছে। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা শিক্ষা অফিসার মো. সামছুল আলম যুগান্তরকে বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই জেলা থেকে ২৬ হাজার ৫৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫.৬০ শতাংশ পাশ করেছে। তবে ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চবিদ্যালয়, সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চবিদ্যালয় ও বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা দাখিল মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি।
জানা গেছে, কদমতলী কারিপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ শিক্ষার্থী। প্রকাশিত ফলে দেখা গেছে, তিনজনই অকৃতকার্য হয়েছে। এই প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষক ও ৫ কর্মচারী রয়েছেন। চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১১ শিক্ষার্থী। তাদের কেউই পাশ করতে পারেনি। এই প্রতিষ্ঠানে ৩ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছেন। এছাড়া শেফালী মফিজ মহিলা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪ শিক্ষার্থী। ১৪ জনই অকৃতকার্য হয়েছে। এই প্রতিষ্ঠানে শিক্ষক ১৩ ও ৪ জন কর্মচারী রয়েছেন। ২৪ শিক্ষকের এই তিন প্রতিষ্ঠানের ২৮ পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেনি।
এমন ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং পরীক্ষার প্রস্তুতিসহ প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যালোচনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারের ফল থেকে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
