১২ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি এক শিক্ষার্থীকে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি মহিলা দাখিল মাদ্রাসায় ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও চলতি বছর একজন পরীক্ষার্থীকে পাশ করাতে পারেননি তারা। ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দুজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়। তবে পরীক্ষায় অংশ নেয় একজন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফল প্রকাশ করে। ফল প্রকাশের পর দুটি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক। তারা বিষয়টি তদন্ত করে পাঠদানের মান উন্নয়ন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বলেন, মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় একজন। সে-ও ফেল করেছে।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
