এসএসসি ও সমমান পরীক্ষায় বগুড়ায় ৯ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সোমবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ এ তথ্য দিয়েছেন।
শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসা, শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদ্রাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদ্রাসা ও দুদাহার রহমানিয়া দাখিল মাদ্রাসা, শেরপুরের কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসা ও মধ্যভাগ বালিকা দাখিল মাদ্রাসা, সোনাতলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা এবং ধুনটের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা ও হাজী কাজেম জোবেদা জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।
এদিকে এমন ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা হতাশা প্রকাশ করেছেন। গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট (সুপার) আব্দুল জলিল বলেন, তার ৫০ বছরের কর্মজীবনে এটি সবচেয়ে দুর্বল ব্যাচ। ২১ জন শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফল অত্যন্ত হতাশাজনক। বর্তমানে আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ধরে রাখা ও তাদের নিয়মিত ক্লাশমুখী করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদ্রাসার সুপার জুয়েলুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। এবার মাত্র পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
তিনি মনে করেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ।
ধুনটের হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ফজলুল হক তার প্রতিষ্ঠানের ফলাফলের ব্যাপারে পরে মন্তব্য করবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, তিনি জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীর ফেল করার বিষয়টি অবগত আছেন।
তিনি জানান, এ ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে উত্তরণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে জেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা করা হবে।
