ডাম্পার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম
নিহত আরমান মুরাদ ও রুবেল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় ফরেন (বিদেশি এনজিও) অফিসের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকার আরমান মুরাদ এবং পালংখালী পশ্চিম ফারিবিল এলাকার ছবির আহম্মদের ছেলে রুবেল।
স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি মোটরসাইকেলে করে নিজেদের কর্মস্থল এনজিও সংস্থায় যাচ্ছিলেন দুজন। পথে ঘিলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পালংখালীর একটি এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ডাম্পারচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ডাম্পারটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবছার উদ্দিন জানান, সকালে হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান ও রুবেল নামের দুই তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
