মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ, গ্রেফতার ৫
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি বোটসহ ৫ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
গ্রেফতাররা হলেন- হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), হানিফ (২৬), আবুল মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার পলাশ (১৮)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) গভীর রাতে হাতিয়ার বাংলাবাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করা হয়, যার বাজার মূল্য ৮ লাখ টাকা। এ সময় বোটসহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
