Logo
Logo
×
   

সারাদেশ

ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহতের ছেলে তাপস রায় জানান, তারা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করেন। বাড়িতে তার মা-বাবা থাকেন। সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো পূজা-অর্চনা শেষে তার মা ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় তার বাবা দোকানে চা পান করতে যান। এর মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

তাপস বলেন, পাশের ঘরের এক জ্যাঠা তার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শংকরী রানী রায় জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তার ভাসুর সুরেশ চন্দ্র রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগেও এ ঘটনায় মামলা হয়েছে। 

তিনি বলেন, ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। ফোনে খবর পেয়ে এসে বোনকে মৃত অবস্থায় দেখতে পান।

অভিযোগের বিষয়ে সুরেশ চন্দ্র রায় জানান, তাদের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। কিছুদিন আগেও তাদের ওপর হামলা হয়েছিল এবং এ ঘটনায় মামলা চলমান। তবে বীনা রানীর হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয়ভাবে যতটুকু জানা গেছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .