‘পৃথিবীর কঠিনতম সমালোচনা করা যায় যুক্তি দিয়ে, গলা উঁচু করে নয়’
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
কুমিল্লার সদর দক্ষিণে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস
|
ফলো করুন |
|
|---|---|
পিএসসি সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, পৃথিবীর কঠিনতম সমালোচনা করা যায় যুক্তি দিয়ে, গলা উঁচু করে নয়। আমরা সাধারণত দেখি আমাদের গলার স্বর উঁচু কিন্তু যুক্তি খুবই দুর্বল। বিতর্কের মূল হলো গঠনমূলক যুক্তি উপস্থাপন করে জিতে আসা।
শুক্রবার বিকালে কুমিল্লার সদর দক্ষিণে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
তিনি বলেন, বর্তমান যুগে ঘরে বসে বিশ্বের সব জ্ঞান আরোহণ করা সম্ভব। সেজন্য তোমরা যারা বর্তমান প্রজন্মের মানুষ তারা এগিয়ে আছ। চাইলেই সব তথ্য জোগাড় করে যুক্তি দাঁড় করাতে পার। আমাদের প্রধান শক্তির জায়গাটা হলো চিন্তাশক্তি।
তিনি বলেন, মেয়েদের পাশাপাশি ছেলেদের উপস্থিতি সমান তালে থাকতে হবে। এখানে বেশিরভাগ মেয়েদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তুমি ছেলে কিংবা মেয়ে হও, তোমার যুক্তি যখন জোরালো তখন আর কোনো শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শানিত করে এগিয়ে যাও বহুদূর। তোমাদের কেউ থামাতে পারবে না। বিতর্ক শুরু করার আগে একটা বিষয় চিন্তা করতে হবে, শেষ কবে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই তা পজিটিভ চিন্তা।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিতর্ক কর্মশালায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।
