নারীসহ ৩ মাদকসেবী কারাগারে
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টায় মাদক সেবনের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে তাদের মাদক সেবনের অভিযোগে নয়, দণ্ডবিধির ২৯০ ধারায় ‘অসামাজিক কাজে লিপ্ত’ থাকার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের মনাষ গ্রামের অন্তু মিয়ার ফিশারির পাড়ে একটি টিনশেড ঘর থেকে ওই তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কলমাকান্দা উপজেলা খুকুমণি (২৬), বারহাট্টা উপজেলার আব্দুল মুমেন (২৮) এবং কলমাকান্দা উপজেলার মো. কবির মিয়া (২৭)। স্থানীয়দের দাবি, ওই ঘরে তারা মাদক সেবন করছিলেন।
ঘটনাস্থল থেকে এলাকাবাসীর ধারণ করা একটি ভিডিওতে খুকুমণিকে মাদক সেবনের বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি নিজেকে নিয়মিত মাদকসেবী হিসেবে দাবি করে বলেন, আব্দুল মুমেনের সঙ্গে তার আগে থেকেই পরিচয় রয়েছে। তিনি জানান, মুমেনের বন্ধু কবিরের সঙ্গে সেখানে যাওয়ার পর মুমেন চারটি ইয়াবা বের করে দেন এবং তারা সেগুলো সেবন করেন। এ সময় হানিফ মিয়া নামে আরেক ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলেও তিনি দাবি করেন।
এ ছাড়া আব্দুল মুমেনের কাছ থেকে মাদক সরবরাহের বিষয়ে এলাকাবাসীর সামনে বক্তব্য নেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য নাজমুল হুদা (ময়না মেম্বার) বলেন, ঘটনার খবর পেয়ে আমি থানায় জানাই। পরে তিনজনকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসব মাদকসেবীদের আস্তানা বন্ধের দাবিতে এলাকাবাসীকে নিয়ে আলোচনা করব এবং তিনি এই তিন মাদকসেবীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামকে হোয়াটসঅ্যাপে ফোন করে বক্তব্য জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। পরে মাদক মামলার বিষয়ে জানতে বার্তা পাঠানো হলে তিনি জানান, আজ আদালতে পাঠানো হয়েছে।
