রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে মানবসম্পদকে গুরুত্ব দিতে হবে
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে এবং নারীদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।
রোববার বিকালে রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের আয় ও পরিবারের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মধ্যে আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব ও উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ছালেহ আহম্মদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি শিশু পার্কসংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ই-লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী মীর হেলাল।
