|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা থেকে ব্যক্তিগত কাজে রাঙামাটি আসা এক পর্যটকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম এমএ হোসাইন আজকারী (৬০)। শনিবার বিকালে হঠাৎ অসুস্থবোধ করলে তিনি মারা যান।
রোববার বিকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। তার গ্রামের বাড়ি ফেনীর রামপুর সওদাগর বাড়ি। তিনি সমুদ্র জাহাজের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, হোসাইন আজকারী ও তার বড় ভাই হাসাইন মাশরাকী শুক্রবার রাতে ঢাকা থেকে শ্যামলী পরিবহণের একটি বাসে করে রাঙামাটি এসে শনিবার ভোরে শহরের দোয়েল চত্বরের স্কয়ার পার্ক নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে এদিন সকাল ১০টার দিকে ব্যক্তিগত কাজে বের হন। বিকাল ৩টার দিকে আবার হোটেলের কক্ষে ফিরলে হোসাইন আজকারী হঠাৎ অসুস্থতা বোধ করেন। এতে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, ওই রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, স্কয়ার হোটেলে অবস্থান নেওয়া একজন পর্যটকের মৃত্যুর খবরে পুলিশ হাসপাতালে গেছে। হঠাৎ স্ট্রোকজনিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে রোববার বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হোটেল স্কয়ার পার্কের মালিক নেয়াজ আহমেদ বলেন, তারা দুইজন ঢাকা থেকে এসে শনিবার সকালে হোটেলে ওঠেন। এরপর লাগেজ রেখে বাইরে চলে যান। পরে হোটেলে ফিরে মৃতের ভাই জানান, তার ভাই অসুস্থ হয়ে পড়েছেন। তখন হোটেলের কর্মীরা দ্রুত তাদের গাড়িতে তুলে দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ফোনে যোগাযোগ করা হলে মৃত হোসাইন আজকারীর স্ত্রী ইশরাত পারভীন বলেন, রাঙামাটি গিয়ে তার স্বামী মারা গেছেন বলে খবর পেয়েছেন; কিন্তু কিভাবে হঠাৎ মারা গেছেন, তা তিনি জানেন না। তার স্বামীর যাওয়ার কথা ছিল ফেনীতে, অথচ ফেনী না গিয়ে কেন তারা রাঙামাটি গেলেন তাও কিছুই বলতে পারছেন না তিনি।
