নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই, ৫ নারী গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে কৌশলে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর চক্রটির অন্যতম সদস্যের কাছ থেকে প্রায় এক লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের আট আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মোছা. সেলিনা বেগম (৫০) সড়ক দিয়ে যাওয়ার সময় চক্রের সদস্য কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে মো. তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।
মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকায় তারা ছদ্মবেশে নানা কৌশল স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
