টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে কৃষক লীগ নেতাকে আদালতে পাঠানোর প্রাক্কালে পূর্ব থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারী ও দুইজন পুরুষকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা সবাই ৪৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) আত্মীয়স্বজন।
ঘটনাটি ঘটেছে রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার গেটের সামনে।
গ্রেফতারকৃতরা হলেন- শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও মো. হারুন অর রশিদ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশন ৪৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পূর্ব থানা পুলিশ। থানায় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুর ২টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে উঠালে থানার মূল ফটকের সামনে দাঁড়িয়ে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ বেশ কয়েকজন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যান।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, স্লোগান শুনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা শেষে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
