বোয়ালখালীতে হ্যান্ডকাফসহ পালালেন আসামি, ফের গ্রেফতার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
আসামি মোহাম্মদ মহিউদ্দিনকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যদের হাতে আঁচড় ও কামড় দেন।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাফসহ পালিয়ে যান মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। একই ঘটনায় মহিউদ্দিনের এক আত্মীয় গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
আহতরা হলেন—এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে আবদুল মান্নান (৫৫) আদালতে একটি নালিশি মামলা করেন। ওই মামলায় আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।এতে রোববার রাতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ছিলেন।
অভিযানে মহিউদ্দিনকে গ্রেফতারের পর তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। পরে তাকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানের ফের মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আসামিকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যদের হাতে আঁচড় ও কামড় দেন। এ ঘটনায় আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার আত্মীয় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, জেবল হোসাইন মূল মামলার আসামি না হলেও পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

